Showing posts with label ছড়া-কবিতা. Show all posts
Showing posts with label ছড়া-কবিতা. Show all posts

Tuesday, June 14, 2016

প্যারোডি: ছোটবেলার ছড়া নতুন করে পড়া!

১.
আতা গাছে তোতা পাখি
মৌ ছুঁয়েছে ডালিম
বায়োমেট্রিক করতেই হবে
বলছে তারানা হালিম!

২.
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
বউ বলেছে গোশত রাঁধবে
সাথে চালের রুটি!

৩.
সকালে উঠিয়া আমি
মনে মনে কই
কি-ই বা এতো সকাল হইছে
আরেকটু ঘুমায় লই।

৪.
কে মেরেছে কে ধরেছে
কে দিয়েছে গাল?
বউ মেরেছে বউ ধরেছে
বলছিলাম তার তরকারিতে
একটু বেশিই হইছে ঝাল!

৫.
বাঁশ বাগানের মাথার উপর
চাঁদ উঠেছে ওই
বাঁশের আগায় উঠিয়ে আমায়
কেঁড়ে নিলা মই?

৬.
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে
এই দেখিয়া পোলাপান
সেলফি তুলেছে!

 
প্রথম প্রকাশ: প্যাঁচআল, দৈনিক সমকাল
(১৩ জুন ২০১৬)

Wednesday, May 18, 2016

আমাদের শহর!


আমাদের বড় শহরে বড় বড় বাড়ি,
রাস্তায় মানুষের চেয়ে চলে বেশি গাড়ি

পাড়ার সকল ছেলে যে যার মতো চলে,
দশজনে দশ কথা একই টাইমে বলে

আলো নাই, ছায়া নাই, দূষিত বাতাস,
কোটি কোটি মানুষের এক শহরেই বাস

মাঠ ভরা পোলাপান খেলার জায়গা নাই,
মোবাইল আর কম্পিউটারে সবে গেমসে মজে তাই

আমগাছ, জামগাছ, সবার সাথে আড়ি,
বনভূমি কেটেই সেথা নির্মাণ হয় বাড়ি

সকালে সোনার রবি কোন দিকে যে ওঠে,
ইট-পাথরের এই শহরে যায় না বোঝা মোটে

(কবি বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম কবিতা অবলম্বনে প্যারোডি)

(১৮ মে ২০১৬)

Wednesday, May 11, 2016

আমাদের শিক্ষাবোর্ড!



আমাদের শিক্ষাবোর্ড
চলে ঢিলা-ঢালা
রেজাল্টের দিনেই তার
বাড়ে যত জ্বালা!

ক্রোম আর ফায়ারফক্স
ব্রাউজিংয়েই ফেইল
ইন্টারনেট এক্সপ্লোরেও
নাই কোনো বেইল!

ব্রডব্যান্ড লাইনে আর
কুলায় না স্পিড
মাথা ঘুরায় মডেমের
বারে বার হয় ফিট!

এই যদি হয়রে ভাই
ডিজিটালের যুগ
লজ্জায় এনালগের

লাল হবে মুখ!

রবীন্দ্রনাথের ‘আমাদের ছোট নদী’ কবিতা অবলম্বনে প্যারোডি।

প্রথম প্রকাশ: এনটিভি (অনলাইন)
(১১ মে ২০১৬)


Thursday, March 12, 2015

স্বাধীনতার সুখ (প্যারোডি)



বাবুই পাখিরে চ্যাটে লিখেছে চড়াই,
‘ফেসবুকে করিসনে লাইকের বড়াই,

আমি আছি মহা হ্যাপি লাইক-টাইক চেয়ে
তুই কত কষ্ট পাস লাইক নাহি পেয়ে।’

বাবুই হাসিয়া লেখে, ‘OMG তাই?
কম পাই, তবু কাউরে নাহি তো জ্বালাই।
কম হোক, তবু না চাই মিছে ভালোবাসা,
নিজ হাতে ক্রিয়েটেড মোর আইডিয়া খাসা।’

(রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ অবলম্বনে)

লেখক: রবিউল ইসলাম সুমন
প্রথম প্রকাশ: রস+আলো, প্রথম আলো
(২৪ মার্চ ২০১৪)

Monday, February 13, 2012

ফ্রি সমাচার!


ফ্রি'র যুগে ফ্রি ছাড়া
পন্য কিনতে নাই
মাছ-মাংস তরকারিতে ও
ফ্রি থাকা চাই

মাংস কিনলে হাড্ডি ফ্রি
ছাঁই পাওয়া যায় মাছে
চিপস কিনলে ট্যাটু মিলবে
বিক্রেতাদের কাছে!

সাবানের সাথে আয়না ফ্রি
পেষ্টের সঙ্গে ব্রাশ
চা-পাতায় চামচ আর
গুঁড়ো দুধে ফ্রি গ্লাস

ফ্রি'র পিছে ছুটতে ছুটতে
মানুষ হচ্ছে পাগল
লঞ্চ ডুবিতে মারা গেলে
ফ্রি পাওয়া যায় ছাগল!